টেলিকম নীতিমালা বদলের আভাস দিলেন জয়
বিভিন্ন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন এবং তদারকিতে ডিজিটাল পদ্ধতি অনুসরণ করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার (১০ জুলাই) বঙ্গবন্ধু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ : সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’-শীর্ষক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
জয় বলেন ‘২০০৮ সালে আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলি, তখন দেশে কোনো কিছুই ডিজিটাল ছিল না। ১০ বছরে দেশ ডিজিটালাইজেশনে যেভাবে এগিয়েছে, কোনো দেশই এত দ্রুত এগিয়ে যায়নি।’
এ সময় টেলিকমিউনিকেশন পলিসি নতুন ভাবে করারও ঘোষণা দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা।
তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশের সাথে একযোগে বাংলাদেশে ফাইভ-জি নেটওয়ার্ক সেবা চালু হবে। সরকার ইতিমধ্যেই গভর্মেন্ট সেবা চালু করেছে। সরকারি বিভিন্ন সেবা ডিজিটালাইজড করার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমে আসছে।‘
তিনি আরো বলেন, ‘দেশকে দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির সোপানে নিয়ে যেতে দেশের পুরনো আইন-কানুনে পরিবর্তন আনার পাশাপাশি মানসিকতার পরিবর্তন আনতে হবে।‘
‘কাউকে অনুকরণ করে নয়, নিত্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়েই ডিজিটাল বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের আত্মপরিচয় তুলে ধরবে‘ বলেও দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন জয়।
তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
সূচনা পর্বে বক্তব্য রাখেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান প্রমুখ।